হবিগঞ্জে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে গাছের ডাল কাটা নিয়ে মোশাহিদ আলী খান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই কুদ্দুছ খান তাঁর চাচাতো ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে পাইকপাড়া গ্রামের জবান খানের সঙ্গে একটি গাছের ডাল কাটা নিয়ে তাঁর প্রতিবেশী ও চাচাতো ভাই মোশাহিদ আলী খানের কথা-কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি সালিসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করেন। তবে জবান খান ও তাঁর লোকজন এ সালিস মেনে নেননি। ওই ঘটনার সূত্র ধরে বেলা তিনটার দিকে জবান খানের নেতৃত্বে ৮-১০ জন লোক মোশাহিদ আলী খানকে গ্রামের সড়কে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপান।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোশাহিদ আলী খান মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে থানায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।