হবিগঞ্জে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিখোঁজের পাঁচ দিন পরে সোমবার সকালে চার শিশুর মাটি চাপা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বেলা সাড়ে বারোটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিখোঁজের পাঁচ দিন পরে সোমবার সকালে চার শিশুর মাটি চাপা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বেলা সাড়ে বারোটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর আজ বুধবার সকালে চার শিশুর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই চার শিশু হলো সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির (৭), দ্বিতীয় শ্রেণির শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল (১০)। এদের মধ্যে শুভ, তাজেল আর মনির সম্পর্কে চাচাতো ভাই।
শুভ সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে, তাজেল আবদুল আজিজের ছেলে, মনির আবদাল মিয়ার এবং ইসমাইল আবদুল কাদিরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে এই চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ তাদের লাশ মিলল। 

গত শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। চার পরিবারের পক্ষ থেকে মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারররফ হোসেন প্রথম আলোকে জানান, গত শুক্রবার এই চার শিশু উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজ হয়। আজ সকালে একই গ্রামের বাইরের একটি জায়গায় মাটি ও বালুচাপা অবস্থায় একটি শিশুর লাশ পাওয়া যায়। শিশুর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হলে মাটিচাপা দেওয়া অন্য শিশুর লাশ পুলিশ উদ্ধার করে।
ওসি জানান, পরিবারের সদস্যরা এসব শিশুর লাশ শনাক্ত করেছে। লাশগুলো এখন থানায় নেওয়া হয়েছে।