হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের দুই নেতাকে গত বুধবার রাতে আটক করেছে পুলিশ। পরে একজনকে ছেড়ে দেওয়া হয় ও অপরজনকে গ্রেপ্তার দেখানো হয়। তবে ওই দুই নেতাকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে একদল পুলিশ শহরের কালীবাড়ি এলাকা থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ রাজিব আহমেদ (৩০) ও পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক সৈয়দ জনিকে গ্রেপ্তার করে।
থানাহাজতে আটক শাহ রাজিব আহমেদ অভিযোগ করেন, পুলিশ তাঁদের রাস্তা থেকে মারধরে করে থানায় নিয়ে আসে।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক দাবি করেন, শাহ রাজিব আহমেদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য, দ্রুত বিচারসহ তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সৈয়দ জনির বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের মারধর করা হয়নি।