হবিগঞ্জ জেলা শহরে গত বৃহস্পতিবার ছেলেরা বৃদ্ধ বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন ময়মনসিংহের নান্দাইলে চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শেরপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার একটি সেচযন্ত্রের মালিক খুন হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার কিতাব আলী (৭০), নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও শেরপুরের সদর উপজেলার হেরুয়া বালুঘাট গ্রামের উসমান আলী খান (২৩)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার কিতাবের দুই ছেলে স্বজনদের না জানিয়ে তাঁদের বাবার স্বভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার চালিয়ে জানাজার প্রস্তুতি নেন। খবর পেয়ে কিতাব আলীর ছোট ভাই বিলাত মিয়া ও বোন জমিলা বেগম বাসায় গিয়ে তাঁর ভাইয়ের লাশের গলায় দাগ ও হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখেন। পরে তাঁরা বিষয়টি হবিগঞ্জ সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
কিতাব আলীর ছোট ভাই বিলাত মিয়া বলেন, তাঁর ভাই সম্প্রতি একটি প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রি করে কোটি টাকার ওপরে পেয়েছেন। এ টাকা নিয়ে ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল তাঁর ভাইয়ের। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কিতাব আলীর লাশের গলায় দাগ রয়েছে। এ ছাড়া তাঁর হাত ও পায়ের হাড় ভাঙা ছিল। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, এখনো ময়নাতদন্ত প্রতিবেদন তাঁদের কাছে পৌঁছেনি। ওই প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাদিরপুর গ্রামের শরীফ মিয়া প্রায় দুই মাস আগে একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। তিনি ওই মোটরসাইকেলে নান্দাইলের কানুরামপুর-কাদিরপুর সড়কে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। গত বৃহস্পতিবার বিকেলে কাদিরপুর বাজারে শরীফকে অনেকেই দেখেছেন। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। গতকাল ভোরে হালিউড়া গ্রামের লোকজন গবাদিপশু চরাতে গিয়ে জমিতে শরীফের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নান্দাইল থানার ওসি আতাউর রহমান বলেন, মোটরসাইকেলের সন্ধান না পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটি ছিনিয়ে নেওয়ার জন্যই শরীফকে হত্যা করা হতে পারে।
শেরপুর: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উসমান দুটি সেচযন্ত্র দিয়ে হেরুয়া বালুঘাট গ্রামের বিভিন্ন বোরো খেতে পানি সরবরাহের ব্যবসা করছিলেন। তিনি সেচযন্ত্রের ঘরেই ঘুমাতেন। ভোররাতে সেচযন্ত্রের ঘর থেকে গোঙানির আওয়াজ পেয়ে উসমানের ভগ্নিপতি দুলাল হোসেন দ্রুত সেখানে যান এবং উসমানের গলা কাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর (দুলাল) চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে উসমানকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে সদর থানা-পুলিশ গতকাল সকাল সাতটায় ঘটনাস্থলে গিয়ে উসমানের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শেরপুর সদর থানার এসআই সজীব খান বলেন, এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।