হবিগঞ্জে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশসহ আহত ১২
হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের চতুল মাহমুদপুর এলাকায় পুলিশ ও ডাকাত সংঘর্ষে সাত পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় এ সংঘর্ষের পর এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনসহ পাঁচ ডাকাতকে আটক করেন।
পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদ্বীপ রায়ের নেতৃত্বে একটি দল রাত ১০টার দিকে শহরে টহল দিচ্ছিল। এ সময় দলের সদস্যদের কাছে খবর আসে, হবিগঞ্জ-নছরতপুর সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের টহল দলটি সড়কের চতুল মাহমুদপুর এলাকায় গেলে সংবাদের সত্যতা পেয়ে সন্দেহজনক ব্যক্তিদের আটক করতে যায়। অবস্থা বেগতিক দেখে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ নিজেদের রক্ষার জন্য আটটি গুলি ছোড়ে। এতে দুই ডাকাত আহত হন। অপর পাঁচ-ছয়জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আরও তিন ডাকাতকে আটক করেন। এ সময় উত্তেজিত লোকজন আটক ডাকাতদের মারধর করেন।
আটক ডাকাতেরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার আবদাখাই গ্রামের সায়েদ আলী (৪৭), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ফজর আলী (৩০), একই উপজেলার সাটিয়াজুরি গ্রামের লিটন (২২), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেথিকুড়া গ্রামের শফিক (২১) এবং আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামের রাসেল (১৯)। তাঁদের সবাইকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ডাকাতদের হাতে আহত এসআই সুদ্বীপ রায়, আবদুল করিম, ইকবাল বাহার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মুসলেহউদ্দিনসহ সাতজন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এসআই সুদ্বীপ রায় বলেন, পুলিশের গাড়ি দেখেই ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁদের সাত সদস্য আহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে আরও ডাকাতির অভিযোগ আছে।