হবিগঞ্জে তরুণ খুন, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ষাড়েরকোনা গ্রামে গতকাল শুক্রবার সকালে পিটুনিতে নজির মিয়া (৩০) নামের এক তরুণ মারা গেছেন। তিনি পেশায় একজন কৃষক। তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাই ও ভাতিজার হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, উপজেলার ষাড়েরকোনা গ্রামের লাল মিয়ার ছেলে সাদেক মিয়া গতকাল বাড়ির আঙিনায় একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটেন। এ সময় কাটা বাঁশটি তাঁর ছোট ভাই নজির মিয়ার ঘরের চালের ওপর পড়ে। এ নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মিয়া ও তাঁর ছেলে সোহাগ মিলে নজিরকে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত নজিরকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত হবিগঞ্জ জেলা হাসপাতালে সম্পন্ন হয়। ঘটনার পরপরই সাদেক ও সোহাগ পালিয়ে গেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের কথা-কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় মামলা হয়নি।