হবিগঞ্জে থানায় হামলা, তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে পুলিশের চেকপোস্টে একটি মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে একদল লোক সদর মডেল থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ছাড়া ঘটনার পরপরই শহরের পুরোনো হাসপাতালের কাছে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-হেডকোয়ার্টার্স) সুদীপ্ত রায়ের গাড়িতেও হামলা হয়। এসব ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সদর মডেল থানা-পুলিশ অবৈধ মোটরসাইকেল আটক করতে শহরের পোদ্দারবাড়ি এলাকায় চেকপোস্ট বসায়। বেলা দুইটার দিকে সেখানে একটি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় চালকের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর একদল লোক হবিগঞ্জ সদর থানায় হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়লে পুলিশের দুই সদস্য আহত হন। এ ছাড়া ভবনের দরজা-জানালা ও পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা। আত্মরক্ষায় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভীতি ছড়িয়ে পড়লে প্রায় আধা ঘণ্টা শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে।
আহত পুলিশ সদস্যরা হলেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) অরূপ চৌধুরী ও কনস্টেবল জাকির হোসেন আহত হন। এএসপির গাড়িতে হামলায় আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। আহত সবাই হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।