হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৯ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার রাতে সিলেটের বিশ্বনাথে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে চারজন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জ সদরের মির্জাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকাল সাতটার দিকে গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য কালন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের আত্মীয়স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল, লাঠিসোঁটা ও বল্লম ব্যবহার করে। এতে নারীসহ ৪৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রেজিয়া খাতুন, আহাদ মিয়া, আবদুল আওয়াল, জুয়েল মিয়া, হারুন মিয়া, খালেছা বেগম, সফিক আলী, কালা মিয়াসহ ২৯ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের অধিকাংশই বল্লমের আঘাতে আহত হন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
এদিকে বুধবার রাতে সিলেটের বিশ্বনাথে আতাপুর ও খেশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিছিলে আসা না-আসা নিয়ে আতাপুর গ্রামের শফিক আহমদ ও খেশবপুর গ্রামের ফয়জুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন খেশবপুর গ্রামের ফয়জুল ইসলাম, আতাপুর গ্রামের ছমরু মিয়া, শফিক আহমদ, লামাকাজী বাজারের ব্যবসায়ী মঈন উদ্দিন।
আতাপুর গ্রামের ছমরু মিয়া বলেন, ‘ফয়জুল আমাদের গ্রামের ছেলে শফিক আহমদকে মারধর করছে—এমন সংবাদ পেয়ে গ্রামবাসী এগিয়ে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।’
খেশবপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘আমার চাচাতো ভাই ফয়জুলের সঙ্গে শফিকের বিষয়টি নিয়ে আমার কথা-কাটাকাটি হয়। এরপরও আতাপুর গ্রামের ছমরু মিয়া ও সিরাজ মিয়ার নেতৃত্বে হঠাৎ আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা হামলা প্রতিহত করি। এতে কয়েকজন আহত হয়েছেন।’
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।