হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে সবুর আলী (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে কানাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ফরজ আলীর সঙ্গে একই গ্রামের আবদুল বারিকের বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরকে হামলা করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সবুর আলীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় প্রায় ২০-২৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে গুরুতর আহত সবুর আলীকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ২৩টি গুলি ছোড়ে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, সবুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুমন মিয়া ও মোহাম্মদ আলমগীর নামের দুজনকে আটক করেছে।