হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কিশোরীসহ দুজন নিহত ও অর্ধশত লোক আহত হন। এ ঘটনায় সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বেজুদা গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে রিনা বেগম (১৭) ও একই গ্রামের জালাল মিয়া (৮০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সহসভাপতি ও বেজুড়া গ্রামের আরজু মিয়ার সঙ্গে একই গ্রামের অধিবাসী ও উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লার বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে উভয় পক্ষের দুই আত্মীয়ের মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকেরা মাঠে জড়ো হন। দুপুর ১২টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।
পুলিশ জানায়, সংঘর্ষকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রিনা বেগম ও বল্লমের আঘাতে জালাল মিয়া ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত কিশোরী রিনা এনায়েত উল্লাহ ও জালাল আরজু মিয়ার পক্ষের লোক বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। সংঘর্ষে আহত হন আরও অর্ধশত লোক।সংঘর্ষ ও হতাহতের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।