হবিগঞ্জে দুই বাসায় ডাকাতি দিরাইয়ে গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের দুটি বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসাগুলো থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল ডাকাত গত বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার হারুনুর রশিদের (রহিমা ভিলা) বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ঘরের লোকজন আওয়াজ পেয়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করলে ডাকাতেরা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আলমারি তছনছ করে ১ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেলসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই রাতে একই এলাকার সৈয়দ ইমাম হোসেনের বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাসার লোকজনদের একটি কক্ষে আটকে রেখে ৪ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকাসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

গত বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ারপার গ্রাম থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের কয়েছ আহমদ, জিলানি আহমদ, সজল মিয়া, একই উপজেলার কুবাজপুর গ্রামের হোসেন মিয়া, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাদেকপুর গ্রামের কামাল আহমেদ, কটালকোনা গ্রামের সুজন মিয়া, গাইবান্ধার সম্রাট মিয়া, দিরাই উপজেলার সুরিয়ারপাড় গ্রামের বদরুল ইসলাম, শাহীনুর, শিপন, রুবেল ও আশিকুর।