হবিগঞ্জে ধর্ষণের শিকার এক কিশোরী, মামলা
হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম বামৈ গ্রামে গত বুধবার দিবাগত রাতে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার কিশোরীর মা বাদী হয়ে স্থানীয় চার তরুণকে আসামি করে একটি মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওই কিশোরীর মায়ের ভাষ্য, তাঁরা আগেই মামলা করতে চেয়েছিলেন। কিন্তু গ্রামের কিছু ব্যক্তি মামলা না করার জন্য তাঁদের চাপ দিচ্ছিলেন। এ কারণে ঘটনার তিন দিন পর তাঁরা আজ মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ওই কিশোরী গত বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওত পেতে থাকা চার তরুণ তার মুখ চেপে তুলে নিয়ে যান। গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে চারজন ওই কিশোরীকে ধর্ষণ করে বাড়ির পাশে ফেলে রেখে যান। পরে ওই কিশোরীর আত্মীয়স্বজন তাকে উদ্ধার করেন।
হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ওই কিশোরীকে আজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং পাশাপাশি চিকিৎসাও দেওয়া হচ্ছে। চিকিৎসকের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আজ ওই কিশোরীর মা বাদী হয়ে চার তরুণকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।