হবিগঞ্জে নদীর বুকে বেড়া দিয়ে মাছ শিকার
হবিগঞ্জের রত্না নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে প্রায় তিন কিলোমিটার এলাকায় মাছ ধরা হচ্ছে। এতে নদীর প্রবাহ বন্ধ হয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
বানিয়াচং উপজেলা প্রশাসন ওই তিন কিলোমিটার এলাকা ইজারা দিয়েছে। তবে পরিবেশবাদীরা বলছেন, নদী ইজারা দেওয়ার কোনো নিয়ম নেই।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নবীগঞ্জ উপজেলার শাখাবরাক নদী থেকে রত্না নদীর উৎপত্তি হয়েছে।
এটি বানিয়াচং হয়ে কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ উপজেলা অংশে মিলিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসন গত এপ্রিলে নদীর রত্না সেতু থেকে কবিরপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা ইজারা দিয়েছে।
কাগজপত্রে চামেলি মৎস্যজীবী সমিতি নাম থাকলেও মূলত নদীটি ইজারা নিয়েছেন উপজেলার ভাটিপাড়া গ্রামের বিষ্ণু দাস। এলাকাবাসী জানিয়েছেন, তিনিই নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরছেন।
সরেজমিনে দেখা যায়, রত্না সেতু থেকে পূর্বদিকে ভাটিপাড়া এলাকায় নদীর বুকে বাঁশের তৈরি বেড়া দেওয়া হয়েছে। এই বেড়ার কারণে নদীর প্রবাহ থেমে গেছে ওই এলাকায়। ইজারাদারের লোকজন সেখানে স্থায়ীভাবে জাল পেতে মাছ শিকার করছেন। এলাকাবাসী জানান, এ বাঁধের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ভাটিপাড়া এলাকার রঞ্জন দাস জানান, বাঁশের এই বেড়ার কারণে নদীর মাছসহ জলজ নানা প্রাণী এক জায়গায় আটকে আছে। এভাবে নদীর গতিরোধ বা মাছ আহরণের অধিকার ইজারাদার রাখেন না। তিনি এ ইজারা বাতিল করার দাবি জানান।
বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার ঘটনায় জড়িত বিষ্ণু দাস জানান, তিনি দুই লাখ টাকায় আগামী তিন বছরের জন্য প্রশাসনের কাছ থেকে নদী ইজারা নিয়েছেন।
তিনি দাবি করেন, তিনি তাঁর জন্মের পর থেকে দেখে আসছেন নদীটি যাঁরাই ইজারা নিয়েছেন, তাঁরাই এভাবে বেড়া দিয়ে মাছ ধরেছেন। এ কারণে তিনিও বেড়া দিয়ে মাছ ধরছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, রত্না নদী অবক্ষয়িত বা বদ্ধ জলাশয় নয় যে প্রশাসন ইজারা দেবে। তিনি দাবি করেন, প্রবহমান নদী ইজারা দেওয়া বা প্রবহমান নদীতে বেড়া দেওয়ার কোনো আইন নেই। প্রশাসন যা করেছে, তা পরিবেশ আইনের পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম প্রথম আলোকে জানান, তিনি এ উপজেলায় কিছুদিন আগে যোগদান করেছেন। তাঁর সময়ে নদী ইজারা দেওয়া হয়নি। তবে নদী ইজারা দেওয়ার নিয়ম নেই বলে জানান তিনি। তিনি আরও জানান, তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।