হবিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন করেছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের একটি গ্রামের ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী দুই সপ্তাহ আগে নানার বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে পটেটো চিপস কেনার জন্য গ্রামের একটি মুদিদোকানে যায়। এ সময় দোকানের মালিক ওই যুবক (২৫) কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে যান। পরে দোকানের শাটার ফেলে মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটি রক্তাক্ত অবস্থায় নানার বাড়ি গিয়ে এ ঘটনা জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বজলুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল হবিগঞ্জ সদর উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। পাশাপাশি তারা নারী ও শিশুদের নিরাপত্তার দাবি জানায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় করা মামলার আসামি দোকানমালিক ওই যুবককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।