হবিগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৯ নেতা কারাগারে
হবিগঞ্জে পুলিশের করা মামলায় জেলা বিএনপির ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা সবাই উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে, তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী মো. আবদুল কাইয়ূম প্রথম আলোকে বলেন, আদালত সবাইকে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তী সময় আবার জামিন আবেদন করা হবে।
ওই ৯ বিএনপি নেতারা হলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আইয়ুব আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহ টুটুল, জেলা যুবদলের সদস্য মো. জসিম মিয়া ও জি এম নুরুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, সদস্য মো. তৌফিকুল মিয়া, মো. মন্নান মিয়া ও মাহবুল হাসান পারভেজ।
পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর বিকেলে হবিগঞ্জে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশের জন্য জেলা বিএনপি অনুমোদন চাইলেও প্রশাসন অনুমোদন দেয়নি। পরে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়। সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।
এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এরপর বিএনপির ২৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ এবং দুই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ওই ৯ নেতা–কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পান।