হবিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আলাল মিয়া ডাকাত ছিলেন।
হবিগঞ্জ সদর থানা-পুলিশের ভাষ্যমতে, গত মঙ্গলবার মধ্যরাতে একদল পুলিশ শহরে টহল দিতে বের হয়। পুলিশ সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে শহরের খোয়াই নদের তীরবর্তী মাছুলিয়া শ্মশানঘাট এলাকায় গিয়ে দেখতে পান ডাকাতের একটি দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ তাদের ধরার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পুলিশও নিজেদের রক্ষা করতে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলাল মিয়া মারা যান। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশি গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ ভোর পাঁচটার দিকে আলাল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, আলালের বিরুদ্ধে ডাকাতির ১০টি মামলা রয়েছে।
আলাল মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বড় ভাই জালাল উদ্দিন বলেন, তিন বছর ধরে তাঁর সঙ্গে পরিবারের কারও যোগাযোগ ছিল না।