হবিগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ১২
হবিগঞ্জ শহরে আজ রোববার দুপুরে বিএনপির মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে চার পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির দুজন নেতা গুলিবিদ্ধ হন। পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হবিগঞ্জ শহরের বহুলা এলাকা থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা স্থানীয় কবির কলেজের সামনে এলে হবিগঞ্জ সদর থানার পুলিশ এতে বাধা দেয়। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাঙচুর করা হয় ১০-১২টি যানবাহন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫টি রাবার গুলি ছুড়ে। এতে বিদ্ধ হন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম ও আরেক নেতা আবদুল মান্নান। এ ছাড়াও সংঘর্ষে হবিগঞ্জ সদর থানার চার কনস্টেবলসহ ১০ জন আহত হন। পুলিশ জুয়েল নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, মিছিলকারীরা বিভিন্ন পরিবহনে ভাঙচুর চালান, যে কারণে তাঁদের বাধা দেওয়া হয়। মিছিলকারীদের হামলায় কনস্টেবল হাসান, মাসুক, শরিয়ত উল্লাহ ও মাসুক তালুকদার আহত হন।