হবিগঞ্জে বিদ্যুৎ না পেয়ে কার্যালয়ে ভাঙচুর
বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা হবিগঞ্জ শহরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের দুই কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ছয়জনের নাম উল্লেখসহ থানায় মামলা করেছে বিদ্যুৎ বিভাগ।
আহত ব্যক্তিরা হলেন বিদ্যুৎ বিভাগের কর্মচারী আবদুল হক (৫০) ও শাহ মুরাদ খান (২৬) এবং বহিরাগত আবদুল কাদির (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ আবাসিক এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বুধবার রাতে শহরের মাহমুদাবাদ, অনন্তপুর ও শায়েস্তানগর এলাকার কিছু লোক হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে যান। আগত ব্যক্তিরা বিদ্যুৎ সরবরাহ নিয়ে কার্যালয়ের কর্মচারী আবদুল হকের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা আবদুল হককে মারধর করেন। পরে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশে খবর দিলে হবিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তাঁরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালান। এ সময় নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ, আসবাব ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পাশাপাশি কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়।