হবিগঞ্জে ব্যবসায়ীসহ দুজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এদিকে বাহুবল উপজেলার এক ব্যবসায়ী ১১ জানুয়ারি ব্যবসায়িক কাজে হবিগঞ্জ শহরে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তিরা হলেন রাজিব রায় (৩৫) ও নাইমা খাতুন (২২)।

থানা-পুলিশ ও এলাকাবাসী বলেন, বাহুবল উপজেলা মিরপুর কলেজ সড়কের কাপড়ের ব্যবসায়ী রাজিব রায়।

গত ১১ জানুয়ারি ব্যবসায়িক কাজে তিনি হবিগঞ্জ শহরে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন নানা জায়গায় তাঁর খোঁজ করেন। পরে তাঁরা পুলিশের সহযোগিতা চান।

গত শুক্রবার রাতে রাজিব রায়ের বড় ভাই রঞ্জন রায় হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। রঞ্জন রায় বলেন, ভাইকে না পেয়ে তাঁরা চিন্তিত।

মাধবপুর উপজেলার গৃহবধূ নাইমা ২ জানুয়ারি একই উপজেলায় তাঁর বাবার বাড়ি থেকে পারিবারিক কাজে বের হন। পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর বাবা ৪ জানুয়ারি মাধবপুর থানায় জিডি করেন।

মাধবপুর থানার ওসি সৈয়দ মোকতাদির হোসেন বলেন, গৃহবধূকে উদ্ধারের বিষয়ে তাঁরা তৎপর আছেন।