হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও দৃশ্য প্রকাশ
হবিগঞ্জে এবার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশ করলেন বখাটেরা। এর আগে গত ২৬ আগস্ট জেলা শহরে অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থীকে প্রকাশ্যে টানাহেঁচড়া ও কিল-ঘুষি মেরেছিল এক বখাটে। পরে সেই নির্যাতনের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
ধর্ষণ ও ভিডিও চিত্র প্রকাশে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।
মেয়েটির পরিবারের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের একটি সরকারি স্কুলের ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গরুর বাজার এলাকার বাঁধন। প্রায়ই মেয়েটিকে পিটিআই সড়ক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হতো। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করা হয়। পরে এটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে আস্তানায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। লজ্জা ও ভয়ে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে মেয়েটি। ৩ সেপ্টেম্বর মেয়েটিকে আবারও ডাকা হয় গোপন আস্তানায় যেতে। এতে মেয়েটি রাজি হয়নি। এতে খেপে গিয়ে ওই দিন ভিডিও চিত্রটি মুঠোফোনের মাধ্যমে এবং সিডি আকারে পাঠানো হয় মেয়েটি ও তার বন্ধুদের কাছে। এরপর মেয়েটি মা-বাবাকে ঘটনা জানায়। পরে তার বাবা বিষয়টি পুলিশকে জানান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন বলেন, অভিযুক্ত বখাটেরা ভিডিও চিত্র প্রকাশের ভয় দেখিয়ে মেয়েটিকে অনেক দিন ধরে নানাভাবে ব্যবহার করছিলেন। তাঁরা মেয়েটিকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। প্রকাশিত ভিডিও চিত্র দেখে মেয়েটিকে ধর্ষণের বিষয়টি স্পষ্ট।
ওসি বলেন, অভিযোগ তদন্ত করে এর সত্যতা পাওয়ার পর গ্রেপ্তার অভিযানের আঁচ পেয়ে বাঁধন পালিয়ে যান। তবে তাঁর দুই সহযোগীকে গতকাল বেলা তিনটায় গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার রাজন দেব (২০) ও হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের নুরুল আমিন (১৮)।
পুলিশ জানায়, মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল থানায় শিশু ও নারী নির্যাতন দমন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন। এতে ওই দুজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তিন আসামি পলাতক রয়েছেন।