হবিগঞ্জে সংঘর্ষে আহত শতাধিক, বাড়িঘর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নের ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল শুক্রবার সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষের সময় মসজিদ, স্কুল, ২০টি বাড়িঘর ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে।
সংঘর্ষে গুরুতর আহত রাবিয়া খাতুন, আদম আলী, তোরাব আলী, আজিজুর রহমান, হাবিবুর রহমান, আবদুল মতিন, আবদুল মালিক, নানু মিয়া, রাহেনা বেগম, আবদুল সালাম, মাসুম মিয়া, আলফাজ মিয়া, শাহিন মিয়াসহ ৩১ জনকে হবিগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রতনপুর গ্রামে গতকাল সকালে একটি মসজিদের জায়গা দখল নিয়ে ওই গ্রামের জলফু মিয়ার সঙ্গে পাশের নিতাইরচক গ্রামের আফজল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। পরে এলাকাবাসী এ সংঘর্ষ থামান।
দুপুরে জুমার নামাজের সময় নিতাইরচক গ্রামের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালালে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছোট জয়রামপুর, তেলিখাল, নিতাইরচক, কান্দিগাঁও ও দরিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ সংঘর্ষে লাঠিসোঁটা, বল্লমসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এ সময় একটি মসজিদ, একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়, ২০টি বাড়িঘর ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের দুটি সেল এবং আটটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, মসজিদ ও মসজিদের আশপাশের এলাকার জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ পুলিশ দুজনকে আটক করেছে।