হবিগঞ্জে সংঘর্ষে আহত ৭০, ভাঙচুর অগ্নিসংযোগ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে গতকাল রোববার দুপুরে টমটমে (ব্যাটারিচালিত ইজিবাইক) যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৭০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটে।
সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের তরুণ রুবেলের সঙ্গে যাত্রী ওঠানো নিয়ে টমটমের চালক হারুনের কথা-কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে একপর্যায়ে উজিরপুর খাগাউড়া গ্রামের অধিবাসীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ১৫-২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ করেছেন গ্রামবাসী। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্ত্তী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।