হবিগঞ্জে সংঘর্ষে একজন নিহত আহত ৪০
হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গ্রামে গতকাল শুক্রবার বিকেলে মাজারের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোতা মিয়া (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় পুলিশ আওয়াল (৩০) ও উজ্জ্বল (২৫) নামের দুজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলবাক গ্রামের (তাবিজশাহ ফকির) মাজারের জমি নিয়ে গ্রামের কিছু লোকের সঙ্গে মাজার
পরিচালনা কমিটির লোকজনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে গতকাল মালেক মিয়া ও ভিংরাজ মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ বল্লম, টেঁটা, ইটপাটকেল ব্যবহার করে। ৪০ মিনিট স্থায়ী এ সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কয়েকটি রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে তোতা মিয়া নিহত হন। তিনি গ্রামবাসীর পক্ষের লোক ছিলেন।