হবিগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার দুই এলাকার বাসিন্দাদের সংঘর্ষে নয় পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আগের রাতে জেলা সদরের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ ছাপানো নিয়ে পৌর যুবদলের এক নেতা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে মারধর এবং তাঁর লোকজন কার্যালয়টি ভাঙচুর করে। এরই জের ধরে সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক লোকালয় পত্রিকার কার্যালয়ে গত বুধবার রাতে একটি সংবাদ ছাপানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে যান হবিগঞ্জ পৌর যুবদল আহ্বায়ক শফিকুর রহমান। তখন সংবাদটি নিয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলামের সঙ্গে যুবদল নেতার বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে একদল লোক কার্যালয়টিতে হামলা চালিয়ে ভারপ্রাপ্ত সম্পাদককে মারধর করে। হামলাকারীরা কার্যালয়ের তিনটি কম্পিউটারসহ এমদাদুল ইসলামের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। গুরুতর আহত সাংবাদিককে ওই রাতেই জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সূত্র ধরে গতকাল সাংবাদিক এমদাদুলের বহুলা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে যুবদল নেতা শফিকুরের শায়েস্তাগর এলাকায় যায়। খবর পেয়ে ওই এলাকাবাসীও প্রস্তুতি নেয়। বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকের এলাকার গ্রামবাসী শায়েস্তাগড়ের ঈদগা এলাকায় এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেলে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, সদর থানার ওসি নাজিম উদ্দিন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম ও এএসআই কুসুম সূত্রধরসহ নয় পুলিশ সদস্য আহত হন। তাঁরা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া গুরুতর আহত আরও ২৭ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক এমদাদুল ইসলাম বলেন, যুবদল নেতা শফিকুর রহমান দলীয় লোকজন নিয়ে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা, কার্যালয় ও গাড়ি ভাঙচুর করেন।
এদিকে অভিযুক্ত শফিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।