হবিগঞ্জে সংঘর্ষে ১০ জন আহত
হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে গতকাল রোববার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে একটি দোকানঘরে বসা নিয়ে রিচি গ্রামের ইশানকোনা মহল্লার পঞ্চায়েত সভাপতি মো. আরব আলীর ছোট ভাই সাবেক ইউপি সদস্য আবু তালেবের সঙ্গে কথা-কাটাকাটি হয় একই গ্রামের সেফুল মিয়ার। একপর্যায়ে দুই পক্ষের আত্মীয়স্বজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় গ্রামের রমিজ আলী ও কাউসার মিয়ার ঘরসহ দু-তিনটি ঘর ভাঙচুর করা হয়। কাউসার বলেন, তাঁর ঘরের আসবাবপত্র, রঙিন টেলিভিশন ও একটি রেফ্রিজারেটর ভাঙচুর করেছেন প্রতিপক্ষের লোকজন।
এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আবদুর রাজ্জাককে (৪০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত জুনেদ (৩৫), বাদল (২৫), কাশেম আলী (৫৫), সেফুলসহ (২৫) নয়জন হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, গ্রামের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।