হবিগঞ্জে সমকাল-এর সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকাল ও চ্যানেল ২৪-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে পুলিশ গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁকে তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানকে (নিয়ন) আসামি করা হয়েছে।
দুই সাংবাদিকই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা বলছেন, মূলত পেশাগত কারণে তাঁদের হয়রানি করা হচ্ছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে হবিগঞ্জ থানায় মামলাটি করেন এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। এতে বলা হয়, গত আগস্ট মাসে খোয়াইনগরী নামে একটি ফেসবুক পাতায় হারুনুরকে কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। তাতে মন্তব্য করেন শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান। এ কারণে তিনি (হারুন) বিব্রত হন।
ওই মামলায় পুলিশ গতকাল দুপুরে শোয়েব চৌধুরীকে শহরের রাজনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে শোয়েব চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে গত বৃহস্পতিবার পত্রিকায় প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে একটি মহল ওই সাংবাদিককে দিয়ে মামলা করিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শোয়েব চৌধুরীর সম্পাদনায় হবিগঞ্জ থেকে দৈনিক প্রভাকর পত্রিকা বের হয়। ওই পত্রিকায় বৃহস্পতিবার ‘আগামী সংসদ নির্বাচনে বাদ পড়ছেন দুর্নীতিবাজ ৬৫ সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।