হবিগঞ্জে সাংসদের পিএস ও গাড়ির চালককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) ও গাড়ির চালককে মারধর করার অভিযোগে গত সোমবার রাতে হবিগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে এক সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিমুদ্দিন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন মাছরাঙা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, তাঁর বড় ভাই কয়সর চৌধুরী ও অজ্ঞাত আরও আটজন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টার দিকে তিনি হবিগঞ্জ শহরের পুরান মুনসেফ আবাসিক এলাকার বাসার সামনে গাড়ি রেখে ওপরে ওঠেন সাংসদ কেয়া চৌধুরী। গাড়িচালক সুরুজ মিয়া গাড়ি থেকে মালামাল নামাচ্ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা কয়সর চৌধুরী চালককে রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে ধমকাতে থাকেন। এ দৃশ্য দেখে পিএস ইমনও ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়সরের পক্ষ নিয়ে কয়েকজন তরুণ সুরুজ ও ইমনকে মারধর করেন।
সাংবাদিক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ বলেন, সাংসদের পিএস ও গাড়িচালক তাঁর ভাইকে প্রথমে মারধর করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে তিনি সাংসদের সঙ্গে কথা বলেন ও দুঃখ প্রকাশ করেন।
সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, মাসুদ আলী ফরহাদ, তাঁর ভাই কয়সরসহ আট-দশজন মিলে তাঁর সামনেই পিএস ও গাড়িচালককে মারধর করেছেন। তিনি নিজের নিরাপত্তা নিয়ে এ সময় উদ্বিগ্ন ছিলেন। এটি একটি পরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি।