হবিগঞ্জে সালিসে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবদুস সালাম (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গুরুতর আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আবদুস সালামের সঙ্গে একই গ্রামের আফসার আহমদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে গ্রামবাসীর উদ্যোগে নিজামপুর বাজারে এক সালিস বৈঠক ডাকা হয়। বৈঠকে দুই পক্ষের লোকজন কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুস সালামসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত আবদুস সালামকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সালামের দুই ভাই মোতাব্বির হোসেন ও আবদুল মান্নানকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নেন হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন।