হবিগঞ্জে স্কুল থেকে শিক্ষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে পুলিশ গতকাল শনিবার সকালে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে তাঁকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত শিক্ষক মো. স্বপন মিয়ার (২৫) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে। শিক্ষকতার পাশাপাশি তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফ আবাসিক এলাকায় প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের অবস্থান। বেসরকারি এই স্কুলের কয়েকজন শিক্ষার্থী গতকাল শনিবার সকাল নয়টার দিকে স্কুলে ঢুকে দেখতে পায় একটি শ্রেণিকক্ষের মেঝেতে বাংলা বিভাগের শিক্ষক স্বপনের লাশ পড়ে আছে। পরে বিষয়টি তারা শিক্ষকদের জানায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের গলা লাল কাপড় দিয়ে পেঁচানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
কলেজের অধ্যক্ষ এস এম সরোয়ার জানান, তাঁরা অনাবাসিক শিক্ষার্থীদের থাকার জন্য শহরের আহসানিয়া মিশন এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছেন। সেখানেই বসবাস করতেন শিক্ষক স্বপন মিয়া। গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রাবাসে না ফেরায় সেখানকার ছাত্ররা তাঁকে ফোন করে। সে সময় স্বপন মিয়া শিক্ষার্থীদের জানিয়েছিলেন, তিনি ফিরবেন না। তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। গতকাল শনিবার স্কুলের ভেতরেই তাঁর লাশ পাওয়া যায়।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন জানান, স্বপন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. মনির ও সাইদুর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে।