হবিগঞ্জে স্কুলছাত্র ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের সদর উপজেলায় এক স্কুলছাত্র খুন হয়েছে। প্রতিপক্ষের এক যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার বালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম লায়েছ চৌধুরী (১৩)। সে ওই গ্রামের সৌদিপ্রবাসী নয়ন চৌধুরীর ছেলে। সে উচাইল আদর্শ উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, পুলিশ নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সুরতহাল প্রতিবেদনে ৩৩টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত থানায় মামলা হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিকান্দি গ্রামের প্রবাসী নয়ন চৌধুরীর সঙ্গে একই গ্রামের মহারাজ মিয়ার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে জলপাই পাড়া নিয়ে মহারাজ মিয়ার ছেলে রিপন মিয়ার (২৩) সঙ্গে লায়েছের ঝগড়া হয়। পরে বাড়ির লোকজন তা মীমাংসা করে দেন। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে রিপন কৌশলে লায়েছকে বাড়ির কাছেই একটি ধানি জমিতে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।