হবিগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার মামলা হয়েছে। ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকারিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে বৃষ্টির পর বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে মাছ ধরতে যায় ওই ছাত্রী। এ সময় উপজেলার সিকন্দরপুর গ্রামের জাকারিয়া ওই ছাত্রীকে বলে, ‘এখানে মাছ নেই, সামনে চল বেশি মাছ আছে।’ জাকারিয়া পূর্বপরিচিত হওয়ায় তার সঙ্গে যায় সে। পরে একটি মৎস্যপ্রকল্পের নির্জন এলাকায় যাওয়ার পর ছাত্রীটিকে ধর্ষণ করে জাকারিয়া।
পরে খবর পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করেন। ওই দিন বিকেলে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে শিশুটির মা প্রথম আলোকে জানান, জাকারিয়া ও তার আত্মীয়স্বজনেরা তাঁদের ভয় দেখাচ্ছে। বলছে মামলা করলে বাড়িছাড়া করা হবে। এ কারণে তাঁরা মামলা করতে দেরি করেছেন।
এ খবর পেয়ে সংরক্ষিত আসনের (হবিগঞ্জ-সিলেট) সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া শিশুটিকে দেখতে গতকাল হাসপাতালে যান। সাংসদ আমাতুল কিবরিয়া বলেন, এ-সংক্রান্ত চিকিৎসা প্রতিবেদন দিতে বিলম্ব করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। থানায় যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাদী না পাওয়ায় মামলা নিতে দেরি হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মহসিনুল করিম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে চিকিৎসা প্রতিবেদন দিতে বিলম্বের অভিযোগ ঠিক নয়।
এ ব্যাপারে জানতে গতকাল বিকেলে হাসপাতাল প্রাঙ্গণের ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টারে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ঘটনায় জাকারিয়াকে আসামি করে গতকাল শিশুটির মা মামলা করেছেন। জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।