হবিগঞ্জে স্বামী-স্ত্রীর, কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বরগাঁও গ্রামে গত রোববার বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর সেতুর নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নবীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুই বছর আগে বরগাঁও গ্রামের জুবেলের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার কালাপুর গ্রামের গাবিল মিয়ার মেয়ে রিমা বেগমের (২০) বিয়ে হয়। গত শনিবার রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন অনেক বেলায়ও তাঁদের সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। লোকজন ঘরের আড়ার সঙ্গে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
জুবেলের বাবা দুলাই মিয়া বলেন, শনিবার রাতে তাঁর ছেলে ও ছেলের বউ খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে সাড়াশব্দ না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে এ পরিস্থিতি দেখতে পান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন—এ বিষয়টি পরিষ্কার। স্ত্রীর সঙ্গে অন্য এক তরুণের সম্পর্ক থাকায় এ নিয়ে দুজনের মধ্যে কলহ চলছিল। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, সুজাতপুর সেতুর নিচ থেকে উদ্ধার করা লাশটি জনার্ধন কর্মকার (২৭) নামের এক ব্যক্তির। তিনি পাতড্ডা গ্রামের মনমোহন কর্মকারের ছেলে।
গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে স্থানীয় বাজারে যান জনার্ধন। এরপর তিনি আর ফেরেননি। এ ঘটনায় রোববার তাঁর ভগ্নিপতি মরণ কর্মকার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল সকালে সুজাতপুর সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ এ খবর নিশ্চিত করেছেন।