হবিগঞ্জে হামলায় সাংবাদিক আহত
ভূমি দখল নিয়ে সংঘর্ষের ভিডিও ধারণ করার জের ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল বুধবার সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই সাংবাদিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ চিত্তরঞ্জন গোপ (৫০), হরি গোপ (৪০) ও মন্তুজ গোপ (৩০) ও মহিষোষ গোপকে (৩২) আটক করেছে। তাঁরা হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নারায়ণপুর গ্রামের প্রায় ৫০০ একর অর্পিত জমির দখল নিয়ে গ্রামবাসীর সঙ্গে একই গ্রামের চিত্তরঞ্জন ও রিচি গ্রামের আবদুর রউফসহ বেশ কয়েকজনের বিরোধ চলে আসছে। গতকাল বেলা ১১টার দিকে আবদুর রউফ ও চিত্তরঞ্জনের নেতৃত্বে একদল লোক বিরোধপূর্ণ ওই জমি দখল করতে গেলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আট-দশজন আহত হন। এ সময় নারায়ণপুর গ্রামের অধিবাসী ও দেশ টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপসহ বেশ কয়েকজন সংঘাত থামাতে মধ্যস্থতা করেন। ওই সংঘর্ষে আহত কয়েকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। শ্রীকান্ত গোপ হাসপাতালে তাঁদের দেখতে আসেন। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে আবদুর রউফ ও চিত্তরঞ্জনসহ ১০-১২ জন লোক শ্রীকান্তের ওপর হামলা চালায়। হামলায় শ্রীকান্ত মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
শ্রীকান্ত গোপ বলেন, তিনি জমি দখল করার দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন। এর জের ধরে দখলকারীরা তাঁর ওপর হামলা চালায়।
এ বিষয়ে বক্তব্য জানতে আবদুর রউফের মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে মামলা হয়েছে।