হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড, খালাস এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার

হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজন খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে ২৮ জুন ট্রাইব্যুনাল ওই মামলায় রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য রাখেন।
পাঁচ আসামির মধ্যে মো. শফি উদ্দিন মাওলানাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন, মো. তাজুল ইসলাম ওরফে ফোরকান, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়া। আর সাব্বির আহমেদকে (পলাতক) খালাস দেওয়া হয়েছে।
রায়ের দিন থাকায় কারাগারে থাকা তিন আসামিকে আজ আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা শুনানিতে ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার, গাজী এম এইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।

পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। চার আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বয়স বিবেচনায় সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রায়ের কপি পাওয়ার পর পর্যালোচনা সাপেক্ষে খালাসের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই প্রসিকিউটর।

হবিগঞ্জের লাখাইয়ের পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ মার্চ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আর ওই মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।