হরতাল-অবরোধে ওরাও অভুক্ত

পিঠে বাচ্চা নিয়ে ফটকের সামনে বসা একটি মা বানর। আগন্তুক দেখে ঘিরে ধরে তাকে। নাছোড় বানরের হাত থেকে ছুটতে না পেরে শেষে পাশের দোকান থেকে কয়েক হালি কলা কিনে ধরিয়ে দিলেন আগন্তুক। দেখতে দেখতে বানরদের জটলা বেধে গেল। আশপাশের লোকের সহায়তায় আরও কয়েক হালি কলা কিনে বানরদের দিকে ছুড়ে দিলেন সেই আগন্তুক।
গতকাল বৃহস্পতিবার সকালের এ চিত্র সিলেট নগরের চাষনিপীর এলাকার। হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সঙ্গী সৈয়দ চাষনিপীর (রহ.)-এর মাজার এলাকার বাসিন্দা কয়েক শ বানর। মাজারভক্ত মানুষের দেওয়া খাবার তাদের প্রধান খাদ্য। কিন্তু টানা অবরোধ ও হরতালের কারণে মাজারভক্ত মানুষের আনাগোনা কমে যাওয়ায় ওরা অভুক্ত। মাজার এলাকার বাসিন্দারা জানান, দর্শনার্থী না পেয়ে বানরগুলো এখন আশপাশের এলাকার বাসাবাড়িতে গিয়েও হানা দিচ্ছে।
মাজার এলাকায় বানরের আশ্রয় সম্পর্কে মাজার কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টিলা এলাকায় মাজার হওয়ায় চারদিকে ছিল ঘন বন। ১৯৮৪ সালের শুরুর দিকে পার্শ্ববর্তী দলদলি চা-বাগান এলাকার একাংশের বন কেটে আবাসন গড়ায় সেখানকার এক দল বানর মাজার এলাকায় বসত গড়ে। সেই থেকে ওরা এখানেই আছে।
মাজারের প্রধান ফটকের সামনে মিম স্টোর নামের একটি খাদ্যসামগ্রীর দোকান। এ দোকান থেকে দর্শনার্থীরা বানরের জন্য মুখরোচক খাদ্যসামগ্রী বেশি কেনেন। মিম স্টোরের মালিক সেলিম জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাদ্যসামগ্রী বিক্রি হতো। গত প্রায় এক মাসের কেনাবেচায় লাভ তো দূরের কথা, দোকানভাড়া আর কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে বিপাকে তিনি। সেলিম বলেন, ‘দর্শনার্থী নেই, তাই বানরের খাওয়া নেই!’
মাজার কমিটির হিসাবে তিন থেকে চার শতাধিক বানর রয়েছে মাজার এলাকায়। এর মধ্যে এ বছর বাচ্চাও রয়েছে ২৫ থেকে ৩০টির মতো। মাজার ঘুরে দেখা গেছে, আগে বানরগুলো সাধারণত মাজারের দেয়াল ও টিলার চূড়ায় উঁচু গাছগাছালিতে থাকত। মাজারভক্ত মানুষ খাবার দিতে এলে সেগুলো নিতে কেবল লোকালয়ে আসত।
গতকাল সরেজমিনে দেখা গেছে, বানরগুলো যেন ছত্রভঙ্গ। টিলা থেকে নিচে এসে মাজারের প্রধান ফটকের সামনে রাস্তায় অবস্থান নেয় ওরা। কোনোটি কোনোটি আবার আশপাশের কয়েক মহল্লা অতিক্রম করে খাবারের জন্য বাসাবাড়িতে হানা দেয়। কলবাখানি এলাকার বাসিন্দা এক নারী জানান, খাবার না পাওয়ায় বানর বাসাবাড়িতে গিয়ে কাপড়, খাদ্যসামগ্রী নিয়ে আসে। রাস্তায় ব্যাগ হাতে থাকলে দলবেঁধে আক্রমণ করে।
মাজারের অন্যতম খাদেম মোহাম্মদ মুহিত হাসান জানান, মানুষের মায়ায় বানরগুলো টিকে থাকা। মাজারভক্ত মানুষের দেওয়া খাদ্য তাদের প্রধান খাদ্য। কিন্তু হরতাল-অবরোধে মানুষের মতো এই বানরগুলোর জীবনেও যে ছন্দপতন দেখা দিয়েছে। খাদেম বলেন, ‘কী আর করা, চেয়ে চেয়ে অভুক্ত বানরগুলোর উৎপাত দেখি।’
এ অবস্থায় বন বিভাগের প্রাণী সংরক্ষণ বিভাগ থেকে প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে কিছু খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, এ পরামর্শ সিলেটের ইতিহাস-ঐতিহ্য-প্রকৃতি সংরক্ষণ পরিষদের সংগঠক আবদুল করিমের। তিনি প্রথম আলোকে বলেন, দলদলি চা-বাগানের বন কেটে ফেলায় নিরাশ্রয়ী ছিল এ বানরগুলোর পূর্বসূরিরা। এদের আশ্রয় এখন মাজার এলাকায়। খাদ্যসংকটে আশ্রয়হারা যাতে না হয়, সে জন্য বন বিভাগের উদ্যোগ নেওয়া উচিত।
তবে বন বিভাগের প্রাণী সংরক্ষণ বিভাগে যোগাযোগ করে বিশেষ ব্যবস্থায় প্রাণিকুলের জন্য খাদ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।