হরতালে চট্টগ্রামে সাড়া মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী দলসমূহের ডাকা হরতালে গতকাল রোববার চট্টগ্রামে তেমন সাড়া মেলেনি। হরতালের সমর্থনে রাস্তায় মিছিল-সমাবেশ হয়নি। এমনকি পিকেটারও রাস্তায় ছিল না।
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহ গতকাল এই হরতাল কর্মসূচি পালন করে। হরতালকে ঘিরে চট্টগ্রাম নগরে যাতে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। গতকাল ভোর থেকে পুলিশ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থান নেয়।
হরতালে নাশকতা ঠেকাতে গত শনিবার রাত থেকে নগরজুড়ে নিয়মিত পুলিশের সঙ্গে আরও দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল ভোর থেকে নগরে ছয় প্লাটুন বিজিবি সদস্য টহল দেওয়া শুরু করেন।
গতকালের হরতালে নগরে গণপরিবহন চলেছে। দুপুরের পর ব্যক্তিগত গাড়ি চলাচলও বাড়তে থাকে। বিকেলের দিকে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। গতকাল দূরপাল্লার গাড়ি চলেনি। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা করেছে। কিন্তু সন্ধ্যার আগে পরিবহন হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ তো দূরের কথা, কেউ পিকেটিং করার জন্য রাস্তায় নামেনি। তাই শান্তিপূর্ণভাবে দিনটি পার হয়েছে।