হরতালের শেষ দিনে রাজধানীতে লেগুনায় আগুন
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে শ্যামলী হলের সামনে একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় দলটি। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে গতকাল বুধবার হরতালের ডাক দিয়েছে জামায়াত।