জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সফরকে কেন্দ্র করে গতকাল বুধবার বান্দরবান শহরের বালাঘাটায় বাঙালি ও আদিবাসীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাত ও লাঠিপেটায় দুই পক্ষের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্তু লারমার তিন দিনের বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসীর ব্যানারে জেলায় গতকাল থেকে তিন দিনের হরতাল চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সন্তু লারমার গাড়িবহর শহরের বালাঘাটা পার হয়। কিছু সময় পর সন্তু লারমাকে স্বাগত জানাতে আসা সমিতির নেতা-কর্মীদের বহনকারী কয়েকটি গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় হরতাল-সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাত ও লাঠিপেটায় সাতজন আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত ব্যক্তিদের মধ্যে জেএসএসের পাঁচজন ছাড়াও জাগো পার্বত্যবাসীর এক নেতা রয়েছেন।
জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ক্যবা মং মার্মা জানান, আহত নেতা-কর্মীদের বান্দরবান সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হরতাল-সমর্থকেরা বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের পুলপাড়া এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন তুলে ফেলেন। সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে সেতুটি মেরামত করেন। এ ছাড়া বালাঘাটার ঘটনার পর বান্দরবান প্রেসক্লাব ও ট্রাফিক চত্বরে হরতাল-সমর্থকেরা কয়েকজন পথচারীকে লাঞ্ছিত করেন। এ ঘটনার ছবি তোলায় এক আলোকচিত্রীর ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হরতাল-সমর্থকেরা প্রেসক্লাবের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
জাগো পার্বত্যবাসীর সংগঠক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান দাবি করেন, সন্তু লারমার গাড়িবহরকে বাধা না দেওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের বলেছেন। এ জন্য উত্তেজিত কর্মীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সহিংস ঘটনায় হুমায়ুন কবীর নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
সন্তু লারমা পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন ও দলীয় কাজে তিন দিনের সফরে রাঙামাটি থেকে গতকাল বান্দরবানে এসেছেন।
জনসংহতির বিবৃতি: বান্দরবানে সন্তু লারমার গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি। গতকাল সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।