নোয়াখালীর হাতিয়ায় পাচারকারীদের কাছ থেকে একটি হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারী দলের সাত সদস্যকেও আটক করা হয়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘনার জাগলারচর এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। পরে উদ্ধার করা হরিণটি মেঘনার বদনারচরের বনে ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন হাতিয়ার রামচরণ এলাকার সাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, কবির হোসেন, সোহরাব হোসেন, আশরাফ হোসেন, কান্তিলাল দাস ও দাসেরহাট এলাকার গিয়াস উদ্দিন।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার আমিনুল হক প্রথম আলোকে বলেন, কোস্টগার্ডের একটি দল গতকাল সকালে মেঘনা নদীতে নিয়মিত টহলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার জাগলারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত কার্গোবোট কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাঁরা পাচারকারীদের আটক করেন। কার্গোবোটে একটি জীবিত হরিণ পাওয়া যায়। হরিণ পাচারের সঙ্গে জড়িত সাত ব্যক্তিকে আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হরিণ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া হরিণটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।