হরিণসহ গ্রেপ্তার ৭
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার জাগলারচর থেকে আজ শনিবার একটি জীবিত হরিণ ও বোটসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। কোস্টগার্ড বলছে, আটক হওয়া ব্যক্তিরা পাচারকারী। উদ্ধার করা হরিণটি মেঘনার বদনার চরের বনে ছেড়ে দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, কবির হোসেন, সোহরাব হোসেন, আশরাফ হোসেন, কান্তিলাল দাস ও গিয়াস উদ্দিন। এঁদের বাড়ি হাতিয়ার রামচরণ ও দাসেরহাট এলাকায়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো কোস্টগার্ডের একটি দল আজ সকালে মেঘনা নদীতে টহল দিচ্ছলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের উপস্থিতি টের পেয়ে মেঘনার জাগলার চর এলাকায় একটি ইঞ্জিনচালিত কার্গোবোটে থাকা কয়েকজন দ্রুত পালানোর চেষ্টা করেন। তখন বোটটিকে ধাওয়া করে ওই সাতজনকে আটক করা হয়। পরে কার্গোবোটটিতে তল্লাশি চালিয়ে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরিণ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, আইনানুগ ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আমির হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া হরিণটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।