হরিণের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় গত বুধবার ছয়টি হরিণের চামড়া উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। এ ঘটনায় নাসির বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
র‌্যাব-৮-এর ক্যাম্প অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান ও পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন গতকাল বিকেলে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের বিশ্বাসবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারটি হরিণের চামড়া উদ্ধার ও নাসির বিশ্বাসকে আটক করা হয়। নাসির বিশ্বাস তাঁর ঘরে বিক্রির জন্য চামড়া প্রস্তুত করছিলেন। তিনি চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে।
এদিকে পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকায় একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হরিণের চামড়া দুটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা মো. ছোলায়মান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘ঘটনা সম্পর্কে শুনেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় মামলা করতে পারে। তারা মামলা না করলে বন বিভাগ মামলা করে ঘটনার তদন্ত করবে।’
পাথরঘাটা থানার কর্তব্যরত কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল দুপুরে জানান, পরিত্যক্ত দুটি চামড়া উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চামড়াসহ আটক নাসিরকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
এ নিয়ে গত এক মাসে পাথরঘাটা উপজেলায় ৪৫টি হরিণের চামড়াসহ তিন ব্যক্তিকে আটক করলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।