হরিণের চামড়া ও মাংস উদ্ধার, গ্রেপ্তার ১৩
সুন্দরবনে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ১৩ জন পেশাদার হরিণ ও মাছ শিকারিকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে হরিণের চামড়া, মাথা, মাংস, হরিণ ধরার ফাঁদ, ধারালো অস্ত্র, দুটি ইঞ্জিনচালিত ট্রলার, তিনটি ডিঙি নৌকা ও ১৬ বোতল কীটনাশক উদ্ধার করা হয়েছে।
গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর, পক্ষিদিয়ার চর ও ভোলা নদীর ধাবড়ীর খাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড ও বন বিভাগ সূত্রে জানা যায়, ডিমের চর ও পক্ষিদিয়ার চর থেকে পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার হন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপাড়া গ্রামের বাদশা শিকদার, মো. শাহজাহান মাঝি, হাসান হাওলাদার, জুনিয়া গ্রামের মো. ফখরউদ্দিন মৃধা ও মো. ফরিদ আকন; বরগুনার পাথরঘাটা উপজেলার আবু বক্কর সিদ্দিক, সোনা মিঞা, হাসান মীর ও তাঁর ছেলে আবদুল কাদের মীর। তাঁরা সবাই হরিণ শিকারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে ধাবড়ীর খাল থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে নূরুল হক শিকদার, মিঠু গাজী, বাবুল গাজী ও ফারুক সরদার নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১৬ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ বলেন, এই তিনটি ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।