হরিণের চামড়া ও অস্ত্রসহ তিন বনদস্যু আটক
বরগুনার পাথরঘাটায় দুটি হরিণের চামড়া, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ সন্দেহভাজন তিন বনদস্যুকে আটক করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বলেশ্বর নদসংলগ্ন রূহিতার চর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যা ব-৮-এর ভাষ্যমতে, রূহিতার চর এলাকা থেকে তিন বনদস্যুকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
এ ছাড়া দুটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সাঈদ, মো. মুসা ও জসিম উদ্দিন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ হোগলাপাশা গ্রামে।
হরিণের চামড়া, অস্ত্রসহ আটক ব্যক্তিদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যা ব-৮-এর উপসহকারী পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেছেন।
এদিকে আটক ব্যক্তিদের নিয়ে পাথরঘাটার অদূরে চরদুয়ানী বাজারসংলগ্ন খালের পাড়ে গতকাল বেলা দুইটার দিকে সংবাদ সম্মেলন করে র্যা ব-৮।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ও অস্ত্র আইনে র্যা ব-৮-এর পক্ষ থেকে পাথরঘাটা থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিনের বাবা মো. খলিলুর রহমান গতকাল দুপুরে বলেন, দক্ষিণ হোগলাপাশায় তাঁদের বাড়ি থেকে তাঁর ছেলেকে শুক্রবার সন্ধ্যায় র্যা ব পরিচয়ে কয়েক ব্যক্তি ধরে নিয়ে যায়।
জসিমের মামা বেলাল হোসেন বলেন, গতকাল তাঁরা জানতে পারেন, তাঁর ভাগনেকে আটকের পর দুটি মামলায় আসামি করা হয়েছে।