হরিণের চামড়াসহ একজন আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার হরিণের চারটি চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এর আগে গত রোববার বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণ শিকারের প্রায় এক হাজার ফাঁদসহ ২৫ কেজি মাংস জব্দ করা হয়েছে।
র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হাবিবুর রহমান বলেন, গতকাল বিকেল পৌনে চারটার দিকে র্যাবের একটি দল বান্ধাঘাটা এলাকায় অভিযান চালায়। সেখানে মো. জুয়েল (৩০) নামের এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে হরিণের চারটি চামড়া উদ্ধার করা হয়। জুয়েলের বাড়ি বরগুনার পাথরঘাটায়। সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়াগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। জুয়েলকে জিজ্ঞাসাবাদের পর চামড়াসহ মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হবে।
পাথরঘাটার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই রমজান মিয়া বলেন, বলেশ্বর নদের তীরবর্তী চরদুয়ানীর জ্ঞানপাড়া খালে একটি নৌকা থেকে হরিণ শিকারের এক হাজার ফাঁদসহ ২৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়। চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ি ও বন বিভাগের পূর্ব সুন্দরবন রেঞ্জের সদস্যরা এ অভিযান চালান।
বন বিভাগের পূর্ব সুন্দরবন রেঞ্জের জ্ঞানপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পাথরঘাটা থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
পাথরঘাটার ওসি জিয়াউল হক বলেন, জব্দ করা মাংস আদালতের অনুমতি নিয়ে নষ্ট করা হয়েছে।