হরিণের চারটি মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের চারটি মাথাসহ ৮৫ কেজি মাংস জব্দ করেছে পুলিশ ও বন বিভাগ। আজ রোববার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মাংস জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বারুইপাড়া গ্রামের মহব্বত আলী নামের এক ব্যক্তির বাগানে অভিযান চালিয়ে পলিথিনের ব্যাগে বরফ দেওয়া অবস্থায় থাকা ওই মাংস জব্দ করা হয়। এ সময় পাশের একটি খাল থেকে দুটি নৌকা জব্দ করা হয়। চোরা শিকারিরা নৌকা দুটি ব্যবহার করে বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী বলেন, জব্দ করা ওই মাংস বিকেলে বাগেরহাটের বিচারিক আদালতের হাকিম সিরাজুল ইসলাম গাজির নির্দেশে ধ্বংস করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, জব্দ করা নৌকা থেকে বন বিভাগের দেওয়া দুটি পাশ (অনুমতিপত্র) পাওয়া গেছে। পাশ দুটি বারুইপাড়া গ্রামের মৃত শেখ আবদুল গনির ছেলে শেখ নজরুল ইসলাম এবং পিরোজপুরের পারেরহাটের টগরা গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদারের নামে ইস্যু করা হয়। ওই দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে বন আদালতে মামলা হয়েছে।