হরিণের পাঁচ মণ মাংস, জবাই করা ৭৭ পাখি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে গতকাল সোমবার ভোরে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে পাঁচ মণ হরিণের মাংস এবং জবাই করা বিভিন্ন প্রজাতির ৭৭টি পরিযায়ী পাখি জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব-লে. হাসানুর রহমান প্রথম আলোকে জানান, বরিশালের হিজলা থেকে ‘রাজহংস-৮’ নামের লঞ্চটি ঢাকায় যাচ্ছিল। এতে তল্লাশি চালিয়ে বড় একটি ঝুড়িতে বরফ দিয়ে রাখা হরিণের মাংস উদ্ধার করা হয়। জবাই করা পাখিগুলো পলিথিনে মোড়ানো ছিল। এর ওপরে জাটকা রাখা ছিল। উদ্ধার করা হরিণের মাংস ও পাখিগুলো পরে বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের পরিদর্শক অসীম মল্লিক বলেন, এখানে অন্তত চারটি হরিণের মাংস রয়েছে। এ ছাড়া টখাটখি, বতি হাঁস, গাঙচিল, কাঁদাখোঁচা, বড় সাদা বক, বালিহাঁস, রাজহাঁস, সরালিসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। যদি সেগুলো খাওয়ার উপযোগী হয়, তাহলে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘ ও সিংহের খাদ্য হিসেবে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, নিঝুম দ্বীপ থেকে হরিণগুলো শিকারের পর তা কেটে পলিথিনে প্যাকেটজাত করা হয়। পাখিগুলো শিকারের পর জবাই করে সংঘবদ্ধ একটি চক্র পাচারের চেষ্টা করছিল।