হরিণের প্রতি নিষ্ঠুরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুমে চট্টগ্রামের সীতাকুণ্ডের সংরক্ষিত বনের ঝিরি-ঝরনা শুকিয়ে যায়। দেখা দেয় পানি ও খাবারের সংকট। তখন ক্ষুধা, তেষ্টায় বন থেকে লোকালয়ে চলে আসে অনেক বন্য প্রাণী। লোকালয়ে এসে লোকজনের হামলার মুখেও পড়তে হয় বন্য প্রাণীদের। গতকাল বুধবার সকালে সংরক্ষিত বনসংলগ্ন বাঁশবাড়িয়া ইউনিয়নের নডালিয়া এলাকার লোকালয়ে দুটি চিত্রা হরিণ চলে আসে। লোকালয়ে এসেই হরিণ দুটি মানুষের ধাওয়ার মধ্য পড়ে। এর মধ্যে গণপিটুনিতে প্রাণ যায় একটির, অপরটিকে উদ্ধার করে বন বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বাঁশবাড়িয়ার নডালিয়া এলাকা দিয়ে দুটি চিত্রা হরিণ লোকালয়ে চলে আসে। এ সময় মানুষ ধাওয়া দিলে একটি হরিণ বাঁশবাড়িয়ার আর আর টেক্সটাইল মিলস এলাকায় মহাসড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। অপরটি বাড়বকুণ্ডের বড়ুয়াপাড়ার একটি বাড়িতে চলে যায়। বড়ুয়াপাড়ায় যাওয়া হরিণটিকে উপস্থিত লোকজন গণপিটুনি দিয়ে হত্যা করে।

মারা যাওয়া হরিণটির ময়নাতদন্ত করা হয়েছে। উদ্ধার করা জীবিত হরিণটি ফেনীর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

উপজেলা ভেটেরিনারি সার্জন শাহজালাল মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, মানুষের বেধড়ক পিটুনিতে হরিণটি মাথায় ও পায়ে আঘাত পায়। মাথায় জখমে প্রচুর রক্তক্ষরণে সেটি মারা যায়। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন বন বিভাগকে দেওয়া হয়েছে।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা এম এম কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মৃত হরিণটির চামড়া সংরক্ষণ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ পেলে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

চট্টগ্রাম (উত্তর) বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে জীবিত হরিণটি ফেনী জেলার বন বিভাগের চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হরিণ অল্প ধকলেই মারা যায়। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঘের মৃত্যু

প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে বাঘটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক বাঘটির ময়নাতদন্ত করলেও এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বাঘটি কী কারণে মারা গেছে, এখনো জানা যায়নি। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। প্রতিবেদন পেলে বোঝা যাবে, কেন বাঘটি মারা গেছে।