হরিণের ৮৫ কেজি মাংস, বাঘের ১১টি হাড় উদ্ধার
সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের চারটি মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। গতকাল রোববার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের একটি বাগান থেকে ওই মাংস উদ্ধার করা হয়।
এদিকে খুলনার কয়রা উপজেলা থেকে বাঘের ১১টি হাড় উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে সুন্দরবনসংলগ্ন শিবসা নদীর পশ্চিম পাড় থেকে ওই হাড়সহ সাতজনকে আটক করে সুন্দরবন পশ্চিম বিভাগ।
পুলিশ ও সুন্দরবন পূর্ব বিভাগ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে বারুইপাড়া গ্রামের মহব্বত আলীর বাগানে অভিযান চালিয়ে পলিথিনের ব্যাগে বরফ দেওয়া অবস্থায় হরিণের ওই মাথা ও মাংস উদ্ধার করা হয়। এ সময় পাশের একটি খাল থেকে চোরা শিকারিদের ব্যবহৃত সন্দেহে দুটি নৌকা জব্দ করা হয়।
তবে অভিযানকালে হরিণ শিকারি বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী বলেন, বাগেরহাটের বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজীর নির্দেশে গতকাল বিকেলে হরিণের মাথা ও মাংস ধ্বংস করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, জব্দ করা নৌকা থেকে বন বিভাগের দুটি পাস পাওয়া গেছে। পাস দুটি বারুইপাড়া গ্রামের মৃত শেখ আ. গনির ছেলে শেখ নজরুল ইসলাম এবং পিরোজপুরের পাড়েরহাটের টগরা গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদারের নামে। ওই দুজনসহ মোট তিনজনের নামে বন আদালতে মামলা হয়েছে।
কয়রায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আমাদী গ্রামের আব্দুল গফুর (৪৫); বালিয়াডাঙ্গা গ্রামের ঠাকুরপদ মিস্ত্রি (৫৬) ও রুহুল আমিন গাজী (৫৫); কাটাখালী গ্রামের আব্দুল রহিম (৫৫) ও চরণ কুমার সরদার (৩৯); জায়গীর মহল গ্রামের আফতাব হোসেন (৫০) ও দাকোপ উপজেলার কালাবগী গ্রামের মো. হোসেন সরদার (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল কয়রা উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের হড্ডা বন টহল ফাঁড়ি ও নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তারা অভিযান চালিয়ে নৌকাসহ ওই সাতজনকে আটক করেন। ওই নৌকা থেকে বাঘের ১১টি হাড় উদ্ধার করা হয়। হাড়গুলো পুরোনো। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মধু সংগ্রহের অনুমতি নিয়ে বনের মধ্যে গিয়েছিলেন।