হরিপুর সীমান্ত থেকে শিশুর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কুলিক নদী থেকে গতকাল রোববার সকালে পারভেজ (১২) নামে এক বাংলাদেশি শিশুর লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও হরিপুর থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ। এক সপ্তাহ আগে নদীতে নেমে নিখোঁজ হয়েছিল শিশুটি।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, হরিপুর উপজেলার চাপাসার সীমান্তের ৩৪৬ নম্বর মেইন পিলারের ২৪ নম্বর আর পিলার এলাকার ভারতীয় অংশে পাহাড়পুর ব্রিজের কাছে কুলিক নদীতে লাশটি ভাসতে দেখেন বিএসএফের সদস্যরা। পরে তাঁরা লাশ উদ্ধার করে বিষয়টি বিজিবিকে জানান। বিজিবি কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা পারভেজের লাশ শনাক্ত করে।
গতকাল বিকেল পাঁচটার দিকে সীমান্ত এলাকার শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ লাশটি বিজিবি ও হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে থানা-পুলিশ পরিবারের কাছে পারভেজের লাশ হস্তান্তর করে।
হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৭ সেপ্টেম্বর হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ধাকদহ গ্রামের কুলিক নদীতে গোসল করতে গিয়ে ভাতুরিয়া গ্রামের মো. কলিমুদ্দিনের ছেলে পারভেজ পানিতে তলিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করেও আর তাকে পাওয়া যায়নি। পারভেজ হরিপুর উপজেলার ভাতুরিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।