হরিরামপুরে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আবদুর রশিদ মোল্লা (৫৬) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। গতকাল শনিবার সকালে পুলিশ উপজেলার চালা ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক ছেলে ও এক মেয়ের বাবা রশিদ কৃষিকাজ করতেন। গত বুধবার রশিদের স্ত্রী সাবিনা ইয়াসমিন মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল আটটার দিকে ঘরের ভেতরে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রশিদের লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন প্রতিবেশী। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রশিদের লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।